বিরোধীদল এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতেন, এরাও সেই ভাষাতেই কথা বলছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এসব বলতে শুরু করেছেন।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, তারা আগের হাসিনার ভাষায় কথা বলছেন এবং সব সংকট এখনই সমাধান চান। তবে সংকট সমাধানে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। গুম, খুন ও নির্যাতনের রেকর্ড করেছিল ওই সরকার। দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে।
সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চার-পাঁচ মাসেই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। বাপেক্সকে পঙ্গু করে রেখে দিয়েছিল। সেটাকে আবার চালু করা হয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে এই তেল আর গ্যাস আনতে বেশি পেমেন্ট করতে গিয়ে আমাদের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে।
Leave a Reply