
নিজের দক্ষতা ও বহুমুখী চরিত্র দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকের পাশাপাশি ওটিটির কনটেন্টেও কাজ করেন। চলতি বছরের শুরুর দিকে ‘চক্র ২’ সিরিজে নিয়ে হাজির হলেও দীর্ঘদিন নেই ওয়েব ফিল্মে। প্রায় বছরখানেক আগে হাসিব হোসাইন রাখির ‘ফার্স্ট লাভ’-এর পর তাকে নতুন ওয়েব ফিল্মে পায়নি দর্শক। এবার লম্বা সময়ের বিরতি ভেঙে ওয়েব ফিল্ম নিয়ে হাজির হতে যাচ্ছেন তৌসিফ।
সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। হাইপারলিংক স্টোরির এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর শিহাব শাহীনের সঙ্গে কাজ করছেন তিনি। সম্পর্ক, ভালোবাসা ও আবেগ ঘিরে এগিয়েছে ফিল্মটির গল্প।
‘ক্যাফে আমব্রেলা’য় তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন এবারের লাক্স সুপারস্টার বিজয়ী বিদুষী বর্ণিতা। এটি তার অভিনয় ক্যারিয়ারের প্রথম প্রজেক্ট। নতুন কাজ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, অনেক দিন পর ওয়েবে ফেরা, সেই সঙ্গে শিহাব ভাইয়ার সঙ্গেও অনেক দিন পর কাজ হচ্ছে। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অন্যরকম। বলতে পারেন, মজার এবং শিক্ষণীয়। আশা করছি, এবারের কাজটা একটা নতুন অভিজ্ঞতা দেবে আমাকে। এ ছাড়া বর্ণিতার এটা অভিনয়ের প্রথম প্রজেক্ট। তার সঙ্গেও চমৎকার একটা কাজের অভিজ্ঞতা হবে বলে আশা করছি।
